
বিজাপুর, ৩ অক্টোবর: ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় 'ভরোসা যাত্রা'-র সময় মোটরবাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন ছত্তিশগড়ের কংগ্রেস বিধায়ক বিক্রম মান্ডভি। গুরুতর আহত অবস্থায় সোমবার রাতে তাঁকে বিজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও দলীয় সূত্রের খবর, কংগ্রেসের 'ভারোসা যাত্রা' কর্মসূচিতে একটি বাইক র্যালির সময় মোটরবাইক চালাচ্ছিলেন মান্ডভি, অন্য একটি মোটরবাইকের সঙ্গে সংঘর্ষের জেরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এরপর আহত অবস্থায় বিজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল দলীয় বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বাইক থেকে পড়ে যাওয়ায় কাঁধে ও বুকে আঘাত পেয়েছেন বিজাপুর বিধানসভা আসনের বিধায়ক বিক্রম। বিধায়কের বাইকের পিছনে বসেছিলেন বিজাপুর পৌরসভার সহ সভাপতি পুরুষোত্তম সাল্লুর। তিনিও সামান্য আঘাত পেয়েছেন।
