
রায়পুর / ইম্ফল, ৭ নভেম্বর: মঙ্গলবার ছত্তিশগড় ও মিজোরামে বিধানসভার ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। এদিন ভোট শুরুর প্রথম দু-ঘণ্টার মধ্যে অর্থাৎ বেলা ৯টা পর্যন্ত রেকর্ড ভোট পড়েছে ছত্তিশগড় ও মিজোরামে। ছত্তিশগড় ৯.৯৩ শতাংশ এবং মিজোরামে ১৩.২৬ শতাংশ ভোট পড়েছে।
ছত্তিশগড় দু-দফায় ভোট হবে। তার মধ্যে এদিন প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে।এদিন কড়া নিরাপত্তায় সকাল ৭টা থেকেই ছত্তিশগড়ে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। নির্বিঘ্নে ভোট দিতে সকাল-সকাল বুথে যথেষ্ট ভিড়। ভোটগ্রহণ পর্বের শুরুতেই আইইডি বিস্ফোরণে কেঁপে ওঠে ছত্তিশগড়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। তিনি ভোটের ডিউটিতে ছিলেন। মঙ্গলবার সকালে সুকমা জেলায় সেনা ক্যাম্প থেকে এলমাগুন্ডা গ্রামে বুথে যাওয়ার পথেই আইইডি বিস্ফোরণ ঘটে। মাওবাদীরা মাটির নীচে আইইডি পুঁতে রেখেছিল বলে সেনার তরফে জানানো হয়েছে।
এদিকে, কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকাল ৭টা থেকে মিজোরাম বিধানসভার ৪০টি আসনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত রাজ্যে ১৩.২৬ শতাংশ ভোট পড়েছে। দুই ঘন্টার মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে হানহাথিয়াল এবং লওয়াংতলাইতে ২০-২০ শতাংশ। মিজোরামের ৪০টি আসনের জন্য মোট ১৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিজোরাম বিধানসভা নির্বাচনে ৮.৫৭ লক্ষেরও বেশি ভোটার প্রার্থীদের নির্বাচনী ভাগ্য নির্ধারণ করবেন। মিজোরামে ১২৭৬ টি ভোটকেন্দ্রে সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে এবং বিকাল ৪টা পর্যন্ত চলবে।
