
দেহরাদুন, ১৪ আগস্ট : উত্তরাখণ্ডে মুষলধারে বৃষ্টিপাতের কারণে আগামী দুই দিনের জন্য চারধাম যাত্রা স্থগিত রাখা হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সমস্ত ত্রাণ ও উদ্ধারকারী দলকে ২৪ ঘন্টা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বৃষ্টি এবং ভূমিধসের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সরকারি বাসভবনে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী পাউরি জেলায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিছু মানুষের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন। পুষ্কর সিং ধামী আরও জানান, জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জেলা প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। এই পরিস্থিতিতে খারাপ আবহাওয়ার জন্য চারধাম যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূল হলেই চারধাম যাত্রা পুনরায় শুরু হবে বলে তিনি জানিয়েছেন।
