
বিলাসপুর, ৭ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার উদ্দেশে রওনা দিয়েছিল যাত্রীবাহী একটি বাস, ছত্তিশগড়ের অম্বিকাপুর থেকে আসা বাসটির গন্তব্য ছিল রায়পুর। কিন্তু, বিলাসপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে সেই বাসটি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে বাসটি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসের ৩ জন যাত্রী, এছাড়াও ৬ জন কমবেশি আহত হয়েছেন।
বিলাসপুরের পুলিশ সুপার সন্তোষ সিং বলেছেন, অম্বিকাপুর থেকে আসা বাসটির গন্তব্য ছিল রায়পুর। ওই বাসে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভারী বৃষ্টির কারণে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে পারেননি বাসের চালক। তাই দুর্ঘটনাটি ঘটেছে।
ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের যথাযথ চিকিৎসা সুবিধা প্রদান করার নির্দেশ দিয়েছেন বাঘেল।
