
মোহালি, ১৭ ফেব্রুয়ারি : পঞ্জাবের মোহালির ফোর্টিস হাসপাতাল ও তার লাগোয়া একাধিক স্কুল বোমা মেরে ওড়ানোর হুমকি দিয়ে ই-মেল। মঙ্গলবার সকালে ই-মেল পাঠানো হয়। তাতে বলা হয়েছে, দুপুরে ১টা ১১ মিনিটে বোমা ফাটবে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান বর্তমানে মোহালির ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকালই তাঁকে ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়।
বোমা হুমকির প্রেক্ষিতে তৎপর হয়ে ওঠে পুলিশ। ফোর্টিস হাসপাতালে তল্লাশি চালানো হয়, এছাড়াও যে সমস্ত স্কুলে বোমার হুমকি দেওয়া হয়, সেই স্কুলগুলিতেও তল্লাশি চালানো হয়। এখনও পর্যন্ত কোথাও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। তবে, ফোর্টিস হাসপাতালে নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে।
