
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিহারে কাকা ভাইপোর লড়াইয়ে ভাইপোর পাশে বিজেপি। গেরুয়া শিবির চিরাগ পাসওয়ানের সঙ্গে আলোচনার মাধ্যমে আসনরফা চূড়ান্ত করে ফেলল। চিরাগের কাকা পশুপতি পরসের হাতে সেভাবে আর কিছু রইল না। যদিও এই প্রসঙ্গে বিজেপির দাবি কাকা-ভাইপোর লড়াই তাঁরা মিটিয়ে ফেলেছে।
২০২১-এর মাঝামাঝি সময়ে কাকা ভাইপোর লড়াইটা শুরু হয়েছিল। লোকজনশক্তি পার্টি রামবিলাস পাসওয়ানের (Ram Vilas Paswan) মৃত্যুর পর তাঁর উত্তরাধিকার নিয়ে ঝামেলায় দুই ভাগে ভাগ হয়ে যায়। একদিকে ছিলেন রামবিলাসের ভাই পশুপতি পারস, আরেকদিকে রামবিলাসের ছেলে চিরাগ পাসওয়ান। পশুপতি পারসের সঙ্গে ছিলেন দলের ৬ সাংসদের পাঁচ জনই। আর চিরাগ ছিলেন একা। সেসময় বিজেপি পশুপতির পাশে দাঁড়ায়।
কিন্তু লোকসভা নির্বাচন ২০২৪ দোরগোড়ায় আসতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিজেপি। সাংসদরা পশুপতির সঙ্গে থাকলেও জনগণ চিরাগের পাশেই। সেই কারণেই লোকসভার লড়াইয়ে চিরাগকে বেশি গুরুত্ব দিয়ে তাঁর সঙ্গেই আসনরফা সারল গেরুয়া শিবির। বুধবার জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর আসন সমঝোতার কথা ঘোষণা করেছে গেরুয়া শিবির। রফা অনুযায়ী, চিরাগের দল এলজেপি (রামবিলাস)-কে ছাড়া হচ্ছে পাঁচটি আসন। তাঁর কাকা তথা রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির নেতা পশুপতিকুমার পারসের জন্য কোনও লোকসভা আসন ছাড়া হচ্ছে না।
তাঁকে কার্যত রাজ্য রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হল। সূত্রের দাবি, জামুয়ের বিদায়ী সাংসদ চিরাগ (Chirag Paswan) এবার পশুপতির আসন হাজিপুরে লড়বেন। আর পশুপতিকে সান্ত্বনা পুরস্কার হিসাবে রাজ্যপাল হওয়ার প্রস্তাব দিয়েছে বিজেপি। তাঁর দলের আরেক সাংসদ তথা চিরাগের তুতো ভাই প্রিন্স রাজকে বিহার সরকারের মন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ লোকজন শক্তি পার্টির সংসদীয় দলের দখল এবার পুরোপুরি যাবে চিরাগের হাতে। বাবার ছেড়ে যাওয়া ‘ঘর’ প্রতীকও ফিরে পেতে পারেন তিনি।
