
নয়াদিল্লি, ১৭ মার্চ : ক্ষমা না চাইলে রাহুল গান্ধীকে সংসদে কথা বলতে দেবে না বিজেপি, এমনটা খবর সূত্রের। বিজেপির অভিযোগ, ব্রিটেন সফরে গিয়ে রাহুল ‘দেশকে অপমান’ করেছেন। তাই কংগ্রেস সাংসদকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। রাহুলের ক্ষমা প্রার্থনার দাবিতে গত চারদিন ধরে ধারাবাহিকভাবে লোকসভা এবং রাজ্যসভায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি সাংসদরা।
শুক্রবার বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা টুইট করে রাহুলকে নিশানা করেছেন। টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘বিদেশী হস্তক্ষেপের দাবি করে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে রাহুল বিদেশের মাটিতে জঘন্য এবং গুরুতর আক্রমণাত্মক মন্তব্য করেছেন। যদি তিনি সংসদের বিষয়ে সচেতন হন তবে সংসদের শরণ নেওয়ার আগে তাঁর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত ছিল। আপনি সংসদকে দুর্বল করে এর শরণ নিতে পারেন না। দেশের কাছে আগে ক্ষমা চান।’
