
নয়াদিল্লি, ৯ অক্টোবর : মধ্যপ্রদেশ ও রাজস্থান-সহ ৫ রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গেল। সোমবারই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের। সোমবার দুপুর ১২ টায় জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক ডেকেছে। ওই বৈঠকেই রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। তার পর এদিন থেকেই আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। আগামী বছরই দেশে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে নাকি পিছিয়ে যাবে তা নিয়ে জল্পনা ছিল সর্বভারতীয় রাজনীতিতে। আবার অনেকেই মনে করেছিল ফেব্রুয়ারি মাসে লোকসভা ভোটের সঙ্গেই এই পাঁচ রাজ্যে নির্বাচন হবে। সেই জল্পনার ইতি ঘটতে চলেছে। এদিন দুপুরে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলঙ্গনা ও মিজোরামের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন।
