
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর : জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে অতিথিরা আসতে শুরু করেছেন দিল্লিতে। শুক্রবার দিল্লি পৌঁছেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। এদিন দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী ফাগ্গান সিং।
উল্লেখ্য, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে দিল্লিতে বসছে চাঁদের হাট । বিশ্বের ২০টি শক্তিশালী দেশের নেতারা এই বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। শীর্ষ সম্মেলনে যোগদানকারী রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থাগুলির প্রধানদের স্বাগত জানাতে ভারত জোরদার প্রস্তুতি নিয়েছে। ভারত মন্ডপমেই হতে চলেছে দুই দিনের জি–২০ শীর্ষ সম্মেলন। নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে আন্তর্জাতিক সম্মেলনস্থল ‘ভারত মন্ডপম’, অনেক আগে যার নাম ছিল ‘প্রগতি ময়দান’।প্রসঙ্গত, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিও এই বৈঠকে যোগ দিচ্ছেন না।
