
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চিরাচরিত ''বই খাতা'' নয়, এবারও ট্যাব দেখেই বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই নিয়ে ষষ্ঠবার বাজেট পেশ করলেন নির্মলা, তবে বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করলেন তিনি। ২০২১ সালে প্রথম পেপারলেস বাজেট পেশ করেছিলেন নির্মলা, ২০২২ এবং ২০২৩ সালেও ট্যাবের মাধ্যমে বাজেট পেশ করেছিলেন তিনি। আর বৃহস্পতিবারও ট্যাবের মাধ্যমে বাজেট পেশ করলেন নির্মলা।
বৃহস্পতিবার সকালে নিজ বাসভবন থেকে সর্বপ্রথম নর্থ ব্লকে অর্থমন্ত্রকে পৌঁছন নির্মলা, এরপর হাতে ট্যাব নিয়ে তিনি সোজা চলে যান রাষ্ট্রপতি ভবনে। নিৰ্মলার সঙ্গে রাষ্ট্রপতি ভবনে যান কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ ভগবত কিষাণরাও কারাদ এবং অর্থ মন্ত্রকের শীর্ষ কর্তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর নির্মলা পৌঁছন সংসদে। সংসদে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে সেই বৈঠকে অন্তর্বর্তী বাজেট অনুমোদিত হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
