
নয়াদিল্লি, ৮ মে : অপারেশন সিঁদুরের সফল অপারেশনের পর আজ (বৃহস্পতিবার) দিল্লিতে সর্বদলীয় বৈঠক হতে চলেছে। জানা গেছে, বৈঠকে এই অপারেশন সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অবহিত করা হবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক বার্তায় জানিয়েছিলেন, সংসদ ভবন চত্বরের কমিটি রুমে এদিন সকাল ১১টায় এই বৈঠক বসবে। উল্লেখ্য, সব রাজনৈতিক দলের পক্ষ থেকে এই অপারেশনের প্রশংসা করা হয়েছে। পহেলগাম-এর জঙ্গি হামলার পর বিরোধী দলগুলি আগেই জানিয়েছিল, সরকারের যে কোনও উদ্যোগকে তারা সমর্থন জানাবে। এই সর্বদলীয় বৈঠকে কংগ্রেস যোগ দেবে বলে বুধবারই জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি এও বলেছিলেন, এটি দেশের বিষয়। আমরা শুরু থেকেই বলে আসছি, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
