
নয়াদিল্লি, ১৩ অক্টোবর : শীতের আগমণের এখনও ঢের বাকি, এরইমধ্যে দূষিত হয়ে উঠছে রাজধানী দিল্লির বাতাস। শুক্রবার সকালে দিল্লির বাতাসের গুণমান ছিল 'মন্দ'। দিল্লির সামগ্রিক বাতাসের গুণমান সূচক এদিন সকালে ছিল 'মধ্যম' বিভাগে ১৯০-এ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩১৩ এবং উত্তর প্রদেশের নয়ডাতে ২১২।
দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 'মন্দ' ক্যাটেগরিতে নেমে যাওয়ার বিষয়ে, আইএমডি এনভায়রনমেন্ট মনিটরিং অ্যান্ড রিসার্চের প্রধান বিজয় কুমার সোনি বলেছেন, "গতকাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 'মন্দ' বিভাগে ছিল। আজ তা ছিল ২৩৭, যা 'মন্দ' বিভাগে আসে। আগামীকাল পর্যন্ত একই থাকবে। তবে ১৫ অক্টোবরের পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে বাতাসের গুণমান ভালো হতে পারে।" এদিন সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
