
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ ২৬ জানুয়ারি । দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। এই দিনে স্মরণ করা হয় সেই মানুষদের কথা, যাঁরা দেশের স্বাধীনতা অর্জনের জন্য প্রাণ দিয়েছেন । শহীদদের স্মরণে দিল্লির রাজপথে হয় কুচকাওয়াজ । এছাড়াও, দেশজুড়ে এদিন, পতাকা উত্তোলন থেকে প্যারেড, নানারকম অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
কেন পালিত হয় প্রজাতন্ত্র দিবস?
১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীন হলেও, ভারতের নিজস্ব কোনও সংবিধান ছিল না । দীর্ঘ লড়াইয়ের পর ১৯৪৯ সালে ২৬ নভেম্বর ভারতীয় সংবিধান তৈরি হয় । ১৯৫০ সালে আজকের দিন থেকেই ভারতীয় সংবিধান চালু করা হয় । সেই থেকেই প্রতি বছর এই দিনটিকে 'প্রজাতন্ত্র দিবস' হিসেবে উদযাপন করা হয়।
এদিন রাজধানীতে প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অংশগ্রহণ করে ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনা। দীর্ঘ আট কিলোমিটার ব্যাপী এই প্যারেড শুরু হয় রাইসিনা হিল থেকে। এরপর তা রাজধানীর রাজপথ পেরিয়ে ইন্ডিয়া গেট হয়ে লালকেল্লায় পৌঁছে শেষ হয়। এছাড়াও এই প্যারেডে থাকে বিভিন্ন রাজ্যের ট্যাবলো । শুধু দিল্লিতে নয়, কলকাতার রেড রোডেও প্রতি বছর সাড়ম্বরে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। সুজ্জিত নানা ট্যাবলো প্রদর্শনী হয় তিলোত্তমার রাজপথে।
