
যোধপুর, ১৯ জুলাই : রাজস্থানের যোধপুরে একটি কুঁড়েঘর থেকে উদ্ধার হল ৪টি অগ্নিদগ্ধ দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ৪ জনকে খুন করে তাঁদের দেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতরা সবাই একই পরিবারের সদস্য। যোধপুর গ্রামীণের পুলিশ সুপার ধর্মেন্দ্র সিং বলেছেন, বুধবার যোধপুরের রামনগর গ্রামে একটি কুঁড়েঘর থেকে উদ্ধার হয় ৪টি অগ্নিদগ্ধ দেহ। তদন্ত শুরু হয়েছে। প্রতিশোধ নিতে এই হত্যা বলে মনে করা হচ্ছে।
এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে রাজস্থান সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেছেন, "এই ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। গত সাড়ে চার বছরে রাজস্থানে অপরাধীরা নির্ভীক হয়ে উঠেছে, সরকার শুধু চেয়ার বাঁচাতে, চেয়ার ফিরিয়ে আনতে ব্যস্ত। সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে।" আবার কংগ্রেস নেত্রী দিব্যা মাদ্রেনা বলেছেন, "রাজস্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক। পুলিশ অদক্ষ। একটি গ্রামের মানুষের সঙ্গে এত ভয়ঙ্কর কিছু ঘটেছে, আইজিকে বরখাস্ত করা উচিত এবং দায়ী করা উচিত।"
