
হায়দ্রাবাদ, ৯ মে : তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে, হায়দ্রাবাদ থেকে ১৬ সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১১জন ভোপালের এবং পাঁচজন হায়দরাবাদের।
সরকারী সূত্র জানিয়েছে যে গ্রেফতারকৃত ১৬ জনের সবাই সন্দেহজনক কার্যকলাপে জড়িত ছিল। এ কারণে গত কয়েক মাস ধরে গোয়েন্দা সংস্থাগুলো তার ওপর নজর রাখছিল। শক্তিশালী গোয়েন্দা তথ্যের পর, তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশ পুলিশের একটি যৌথ দল হায়দরাবাদের সাইবারাবাদের জগদগিরিগুট্টা থানা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, স্টোরেজ মিডিয়া ছাড়াও বিপুল পরিমাণ ইসলামিক জিহাদি সাহিত্য, ছুরি, ছোরা ও এয়ারগান উদ্ধার করা হয়।
সূত্র জানায়, আইবি, তেলেঙ্গানা পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স উইং এবং মধ্যপ্রদেশ পুলিশের দল তাদের জিজ্ঞাসাবাদ করছে। মধ্যপ্রদেশ পুলিশ এই বিষয়ে একটি মামলা নথিভুক্ত করার পর আরও আইনি প্রক্রিয়ার জন্য গ্রেফতারকৃতদের ট্রানজিট রিমান্ডে ভোপালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
