
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাহুল গান্ধীর ‘ভারত জোড়়ো ন্যায় যাত্রা’ উত্তরপ্রদেশে প্রবেশ করেছে। বিহারে রাহুলের যাত্রায় দেখা গিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক তথা আরজেডি নেতা তেজস্বী যাদবকে।শর্তে অবিচল অখিলেশ যাদব। মাস খানেক আগেই জানিয়েছিলেন, কংগ্রেসকে ১৫টির বেশি আসন ছাড়বেন না উত্তরপ্রদেশে। তারপর কংগ্রেস ও সমাজবাদী পার্টির নেতাদের মধ্যে দফায় দফায় বৈঠক হলেও অবস্থান বদলে গররাজি সমাজবাদী পার্টির সুপ্রিমো। নতুন করে হাত শিবিরের নেতাদের উদ্দেশে এমন সময় জোট নিয়ে মুখ খুলেছেন যখন ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গান্ধী উত্তরপ্রদেশে রয়েছেন।
সমাজবাদী পার্টি সূত্রে খবর, দলীয় সুপ্রিমো হাত শিবিরের নেতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কংগ্রেস ১৫ আসনে সম্মত হলে তবেই তিনি রাহুলের যাত্রায় পা মেলাবেন। তিনি কংগ্রেসের জবাবের অপেক্ষায় আছেন।
রাহুল সোমবার অমেঠিতে গিয়েছেন। যাত্রার ৩৭ তম দিনে নিজের পুরনো সংসদ এলাকায় প্রচার চালাবেন কংগ্রেস নেতা। গত মাসে মণিপুর থেকে যাত্রা শুরুর পর এখনও পর্যন্ত কোনও রাজ্যেই ইন্ডিয়া জোটের নেতারা তাঁর সঙ্গে পা মেলাননি। বাংলায় সিপিএমের সমর্থকেরা যাত্রায় অংশ নেয় বটে, কিন্তু মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা কংগ্রেস নেতার সঙ্গে পা মেলাননি।বিহারে রাহুলের যাত্রা চলাকালে নীতীশের জোট বদলের ধাক্কা সামলাতে ব্যস্ত ছিলেন লালু প্রসাদ যাদব ও তাঁর পুত্র তেজস্বী। তারই মধ্যে ইডির তলব নিয়েও ব্যতিব্যস্ত ছিলেন আরজেডি নেতারা।
কিন্তু উত্তরপ্রদেশ নিয়ে আশাবাদী কংগ্রেস। ওই রাজ্যে সমাজবাদী পার্টির সুপ্রিমো রাহুলের পাশে থাকবেন বলে কংগ্রেস দাবি করে আসছে। মঙ্গলবার সনিয়া গান্ধীর লোকসভা আসন রায়বেরলিতে যাবেন রাহুল। কংগ্রেস চাইছিল, অখিলেশ সেখানেই রাহুলের সঙ্গে পদযাত্রায় যোগ দিন। কিন্তু অখিলেশের অনড় অবস্থান কংগ্রেসকে তুমুল অস্বতিতে ফেলে দিয়েছে। বিতর্ক পাশ কাটিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোমবার বলেন, আমরা আশাবাদী অখিলেশজি আমাদের নেতার সঙ্গে পা মেলাবেন। আসন নিয়ে আলোচনা এখনও চলছে।
২০১৯ এর লোকসভা ভোটে অমেঠিতে রাহুল এবং রায়বেরলিতে সনিয়ার বিরুদ্ধে প্রার্থী দেননি অখিলেশ। সেবার কংগ্রেস একমাত্র রায়বেরলিতে জয়ী হয়। আগের বারের লোকসভা এবং দু বছর আগের বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সমাজবাদী পার্টি কংগ্রেসে রাজ্যের ৮০টি আসনের মধ্যে ১৫'টির বেশি ছাড়তে নারাজ। এবারও সেই তালিকায় অমেঠি ও রায়বেরলি আছে।
