
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মার্চের শুরুর দিকেই লোকসভা নির্বাচনের সময়সারণী প্রকাশ পাওয়ার কথা। এর প্রাক্কালে বঙ্গে আসতে চলেছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে জানা যাচ্ছে, নির্বাচন সংক্রান্ত ঘোষণার আগেই এ রাজ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। যার মধ্যে প্রথম দফায় ১০০ কোম্পানি বাহিনী আসছে আগামী ১ মার্চ। বাকি ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছবে আগামী মাসের ৭ তারিখ। আগামী ৩ মার্চ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছেন। তার আগেই ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
দেশে এপ্রিল মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে লোকসভা নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা। তার প্রায় মাস আগে থেকে কোনও রাজ্যে ১৫০ কোম্পানি অর্থাৎ প্রায় ১৫ হাজার কেন্দ্রীয় জওয়ান মোতায়েন করাকে ‘বেনজির ‘ ও ‘অপ্রত্যাশিত’ বলে মনে করছে বিশেষজ্ঞরা। এর আগে খলিস্তান আন্দোলনের সময় পাঞ্জাব বা উগ্রপন্থী উপদ্রুত জম্মু-কাশ্মীর বা উত্তর পূর্বাঞ্চলে এমন নজির থাকলেও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে সন্দেশখালির মতো দু’এক জায়গায় রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটলেও গোটা রাজ্যজুড়ে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। সে অবস্থায় এই ভোট বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মধ্যে ‘অন্য গন্ধ’ পাচ্ছেন কেউ কেউ। তবে বাহিনী আসলেও, তাদের কোথায় পাঠানো হবে বা নিয়োগ করা হবে, তার নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
