
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আলু এমন এক সবজি, যা ছাড়া বাঙালির রান্নাঘর যেন কল্পনাই করা যায় না। তরকারি থেকে ভাজা, দম থেকে চাট—সবেতেই আলুর জয়জয়কার। সাধারণত আলু সেদ্ধ করতে আমরা প্রেশার কুকারে জল দিয়ে বসিয়ে দিই। কিন্তু জানেন কি, একফোঁটা জল ছাড়াও আলু সেদ্ধ করা সম্ভব? শুনতে অবাক লাগলেও, এই পদ্ধতি এখন অনেকেই ব্যবহার করছেন। এতে সময় যেমন বাঁচে, তেমনই আলুর স্বাদ ও পুষ্টিগুণও অনেকাংশে অটুট থাকে।
∆ জল ছাড়া কীভাবে আলু সেদ্ধ করতে বসাবেন?
প্রথমেই আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিন। এবার ধুয়ে ফেলুন। একটি পাত্রে রাখা আলুগুলির উপর নুন ছড়িয়ে দিন। ভালো করে নুন দিয়ে আলু মেখে নিন। এবার সেগুলি প্রেশার কুকারে দিন। ঢিমে আঁচে বসিয়ে দিলেই চলবে। কয়েক মিনিট পর আলু সেদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকার খুলে আলু টিপে দেখুন একেবারে তুলতুলে নরম হয়ে গিয়েছে।
∆ জল ছাড়া কীভাবে সেদ্ধ হবে আলু?
আলুতে নুন মাখার ফলে জল বেরবে। তাতেই আলু সেদ্ধ হয়ে যাবে। তাই আর অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন পড়বে না।
∆ জল ছাড়া আলু সেদ্ধ করতে অবশ্য করণীয়:
অবশ্যই সেদ্ধ করতে দেওয়া আলুর মাপ যাতে একইরকম হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নইলে একটি সেদ্ধ এবং অপরটি আধ সেদ্ধ হয়ে থাকবে।
∆ জল ছাড়া আলু সেদ্ধ কখন করবেন?
* স্যালাড কিংবা আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়ার সময় এই সহজ কৌশল অবলম্বন করতে পারেন।
* পুর হিসাবে আলু ব্যবহার হলে অবশ্যই এভাবে সেদ্ধ করুন। তাতে স্টাফিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত জলভাব থাকবে না।
রান্নার জগতে নতুন কৌশল শিখতে ক্ষতি কী? একবার এইভাবে আলু সেদ্ধ করে দেখুন—স্বাদেই বুঝতে পারবেন পার্থক্য।
