
কলকাতা, ৩ মে : তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে সরকারি আধিকারিকদের ব্যবহার করা হচ্ছে, বুধবার এমনই অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন এই নিয়ে একটি টুইট করেছেন তিনি৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন৷
টুইটে তিনি তিনটি ছবি ব্যবহার করেছেন ৷ ওই ছবিগুলির মধ্যে একটিতে নাম ও ফোন নম্বর দেওয়া একটি তালিকা রয়েছে৷ অন্য একটি ছবিতে ওই তালিকা পাঠানো হয়েছে এমন একটি হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশট রয়েছে৷ আর তৃতীয় ছবিটিতে কয়েকজনকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির ব্যানার টাঙাতে দেখা যাচ্ছে৷
হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশটের ছবির সঙ্গে লেখা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগদানের জন্য সরকারি কর্মচারীদের নির্দেশ দিচ্ছেন স্বয়ং জলপাইগুড়ির জেলাশাসক দফতরের কর্মী৷
ওই টুইটে শুভেন্দু লিখেছেন, ‘‘পিসি (মমতা বন্দ্যোপাধ্যায়) এখন শুধুমাত্র পুলিশকেই ব্যবহার করছেন না৷ সরকারি কর্মচারীদেরও আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের (আঞ্চলিক দল) প্রার্থী বাছাইয়ের প্রাথমিক ভোটে ব্যবহার করা হচ্ছে৷ পিসি-ভাইপোর (মমতা-অভিষেক) আঞ্চলিক দলের প্রাথমিক নির্বাচনের সরকারি কর্মচারীদের ব্যক্তিগত কর্মী হিসেবে ব্যবহার করার তালিকাটা দেখুন৷’’
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছে ৷ কোচবিহার থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে কাকদ্বীপে ৷ এই কর্মসূচিতে টানা দু’মাস ধরে জনসংযোগ করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই কর্মসূচি নিয়ে এর আগেও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী ৷ সরকারি ব্যবস্থাকে ব্যবহার করে শাসক দল রাজনৈতিক কর্মসূচি করছে বলে অভিযোগ করেছিলেন ৷ বুধবার আবার এই নিয়ে সরব হলেন তিনি ৷
