হেঁড়িয়া, ১৬ জুলাই : রথযাত্রার পুণ্য তিথির সকালেই পূর্ব মেদিনীপুরের দিঘা যাওয়ার পথে নন্দকুমারের ১১৬বি জাতীয় সড়কের হেঁড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের পিছনে লরির ধাক্কায় মৃত্যু হল চার জনের। আহত হয়েছেন আরও অন্তত দু'জন। মৃতদের মধ্যে রয়েছেন বাসের মালিক, চালক এবং দুই হেল্পার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে যাত্রীবোঝাই বাসটি কলকাতা থেকে দিঘার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু হেঁড়িয়া এলাকায় পৌঁছানোর পর মাঝরাস্তায় বাসটি আচমকা খারাপ হয়ে যায়। বিপত্তি এড়াতে চালক যাত্রীদের বাস থেকে নামিয়ে দেন এবং রাস্তার পাশে বাসটি দাঁড় করিয়ে মেরামতির কাজ শুরু করেন। সেই সময়ই পিছন থেকে আসা একটি দ্রুতগামী দিঘাগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসটির পিছনে।
বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খেজুরি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে তমলুকের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা চার জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে।
মৃতদের পরিচয় ও লরি চালকের খোঁজ: পুলিশ জানিয়েছে, মৃত চারজনই বাসের কর্মী ও মালিক। নিহতরা হলেন শিবব্রত পট্টনায়েক (৫৯), তপন দাস (৪৪), অশোক মাইতি এবং শুভদীপ মণ্ডল। দুর্ঘটনার পর থেকেই ঘাতক লরিটির চালক পলাতক। পুলিশ লরিটিকে আটক করেছে এবং চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই দুর্ঘটনার জেরে ১১৬বি জাতীয় সড়কে সাময়িকভাবে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের তৎপরতায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রথের দিন সকালেই এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
