West Bengal

3 years ago

West Bengal News : টেবিল উল্টে বিদ্যুৎ কর্মীদের ধমক', দুয়ারে সরকার শিবিরেই চড়াও শাসক নেতা

west Bengal
west Bengal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরে বিদ্যুৎ দফতরের টেবিল উল্টে দিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্য। অভিযোগ, পশ্চিম বর্ধমানের কাঁকসার দুই বাসিন্দা আগের দুয়ারে সরকার শিবিরে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছিলেন। ৫ মাস কেটে গেলেও, এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।

শনিবার থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। এদিন ওই দুই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ক্যাম্পে আসেন তৃণমূলের অঞ্চল সভাপতি কাজল শেখ এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর। বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে বচসায় জড়ান তাঁরা। ধমক দেওয়া হয় বিদ্যুৎ দফতরের কর্মীদের। বলতে শোনা যায়, 'ছেড়ে দিন আজকে ক্যাম্প করতে হবে না আপনাকে। মানুষ যদি পরিষেবা না পান, তাহলে জমা দিয়ে লাভটা কী?'

অভিযোগ, দুয়ারে সরকারে আবেদনের পরেও মেলেনি বিদ্যুৎ পরিষেবা। তাই 'দুয়ারে সরকারে'র কর্মসূচী চলার সময় বিদ্যুৎ-বিষয়ক কর্মীর টেবিল উল্টে বিদ্যুৎ কর্মীদের তীব্র ধমক এবং ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন পঞ্চায়েত সদস্য এবং অঞ্চল সভাপতি। এই ঘটনা নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় কাঁকসার বিদবিহারের কৃষ্ণপুরে। উল্টে দেওয়া হয় নথিপত্র সহ টেবিল। যতক্ষণ না পযন্ত বিদ্যুৎ মিলছে ততক্ষণ দুয়ারে সরকার কর্মসূচিতে বিদ্যুৎ দফতরের কর্মীদের বসতে দেওয়া হবে না। পুনরায় আবেদন করতে বলা হয় এবং দ্রুত বিদ্যুৎ পৌঁছানোর আশ্বাস দেন। অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ।

তৃণমূলের সহ-সভাপতি হিরন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারি কর্মসূচিতে এই ধরনের ঘটনা আগে ঘটেনি তবে বিদবিহারে দুয়ারে সরকার কর্মসূচিতে কী ঘটেছে তিনি খোঁজ নিয়ে দেখছেন। এই বিষয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। কাঁকসা ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি বলেন, পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ। আর সরকারের বিরুদ্ধে এই ক্ষোভ দেখাচ্ছে তৃণমূল এটাই তার প্রমাণ।

You might also like!