
কলকাতা, ৩ মে : পঁচিশে বৈশাখ রবীন্দ্রজয়ন্তীতে রাজ্যে সফরে এলেও কোনও ‘রাজনৈতিক কর্মসূচি’ হবে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বিষয়টি মোটামুটি চূড়ান্ত করে ফেলেছে গেরুয়া শিবির।
বাঙালির নববর্ষ পয়লা বৈশাখ কলকাতায় কাটিয়েছেন শাহ। চৈত্র সংক্রান্তির দিনে বীরভূমের সিউড়ির সভা থেকে আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫ আসনে জিততে হবে বলে রাজ্য বিজেপিকে নতুন লক্ষ্য ঠিক করে দিয়েছেন তিনি। আর তার পর দিন পয়লা বৈশাখে কলকাতায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে জানান, তাঁর পরবর্তী গন্তব্য হবে মুর্শিদাবাদ।
এর পরে ঠিক হয়, আগামী ৮ মে ফের বাংলায় আসবেন শাহ। থাকবেন পরের দিনও। প্রথম দিন জনসভা এবং দ্বিতীয় দিন সাংগঠনিক বৈঠক। ওই দিনটা আবার বাঙালির পরিচিত পঁচিশে বৈশাখ, রবীন্দ্রজয়ন্তী। সবাই যে পঁচিশে বৈশাখ পালন করেন, তা নয়। কিন্তু বাংলায় কবিপক্ষের আবহ তৈরি হয়ে যায়। তাই ওই দিন সে ভাবে রাজনৈতিক সভা-সমাবেশ করা হয় না। তাই এখনও পর্যন্ত যেটা ঠিক রয়েছে, বাংলায় ভাল ফলের লক্ষ্যে রবীন্দ্রজয়ন্তী পালনে অংশ নিতে পারেন শাহ। কিন্ত ‘রাজনৈতিক সভা’ করবেন না।
