
কলকাতা, ১২ জুলাই : ভাঙড়ে আইএসএফের করা অভিযোগ নিয়ে মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। পুলিশ ব্যবস্থা নিচ্ছেন বলেও বুধবার জানিয়েছেন তিনি।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে একাধিকবার উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে দুই দলের তিনজনের মৃত্যু হয়। পঞ্চায়েত ভোটের দিন বড় কোনও ঘটনা ঘটেনি ভাঙড়ে।
ভোট গণনার রাত থেকে ফের উত্তপ্ত এই এলাকায়া। ইতিমধ্যেই তিনজনের মৃত্যু, ওই দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ হওয়ার খবর জানা গিয়েছে। জেলা পরিষদের আইএসএফ প্রার্থীকে জোর করে হারানো ও জয়ীর শংসাপত্র না দেওয়ার অভিযোগ নিয়ে উত্তপ্ত হয় ভাঙড়।
বুধবার সরোজিনী নাইডু রোডে নির্বাচন কমিশনের দফতরে আসেন কমিশনার। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ভাঙড় পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে রাজীববাবু বলেন, 'কাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেটা আমরা জানি না। তবে ভাঙড়ে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, তা পুলিশ তদন্ত করে দেখছে। যেখানে যেখানে শংসাপত্র না পাওয়ার অভিযোগ রয়েছে, সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
