
আসানসোল, ৩০ মার্চ : বুকের ব্যথা কমছে না আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির। বৃহস্পতিবার সকালে তাঁকে রেফার করা হল বর্ধমান মেডিকেল কলেজে। বুকে ব্যথা হওয়ায় বুধবার রাত আটটা নাগাদ তাঁকে আসানসোল জেল থেকে জেলা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে সিসিইউতে ভর্তি করান। বুধবার রাতে তিনি সেখানেই ছিলেন। বৃহস্পতিবার চিকিৎসকরা তাঁকে আবার পরীক্ষা করেন। তার আগে তাঁকে সিসিইউ থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে ইউএসজি করতে নিয়ে যাওয়া হয়। তখন তিনি বলেন, ‘বুকে ব্যথা কমেনি। কষ্ট হচ্ছে।‘
জেলা হাসপাতালে এই মুহূর্তে কোনও কার্ডিওলজিস্ট না থাকায় বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর শারীরিক পরীক্ষা করেননি। তার পরিবর্তে সাধারণ ফিজিশিয়ান তাঁকে পরীক্ষা করেন। কিন্তু বুকের ব্যথা না কমায়, তাঁর ইকোকার্ডিওগ্রাফি সহ বেশ কিছু পরীক্ষা করা দরকার। কিন্তু এই ব্যবস্থা জেলা হাসপাতালে না থাকায় চিকিৎসকরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার সিদ্ধান্ত নেন। সেই মতো বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ জেলা হাসপাতালের তরফে গোটা বিষয়টি লিখিতভাবে জেল কর্তৃপক্ষকে জানানো হয়। প্রসঙ্গত, জিতেন্দ্র তেওয়ারি জেল হেপাজতে রয়েছেন ১৪ দিনের জন্য। তাঁকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে জেল কর্তৃপক্ষ।
এদিন সকাল থেকে জেলা হাসপাতালের সিসিইউর সামনে ছিলেন জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী আসানসোল পুরনিগমের বিজেপি কাউন্সিলারদের দলনেত্রী চৈতালি তেওয়ারি ও মেয়ে পল্লবী তেওয়ারি। মঙ্গলবার জিতেন্দ্র তেওয়ারির ৯ দিনের পুলিশ হেপাজত শেষে তাঁকে ১৪ দিনের জন্য জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আসানসোল আদালতের সিজিএম তরুণ কুমার মণ্ডল।
