West Bengal

3 years ago

Rail service Disrupted In Rishra:রিষড়ায় বোমাবাজির ঘটনায় মধ্যরাত পর্যন্ত ভোগান্তি যাত্রীদের, প্রায় ৩ ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা

rishrs
rishrs

 

হুগলি, ৪ এপ্রিল : হুগলি জেলার রিষড়া স্টেশনের কাছে সোমবার রাতের অশান্তির জেরে হাওড়া-বর্ধমান শাখায় প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। স্টেশনের কাছে চার নম্বর রেল গেট এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। অশান্তির কারণে যাত্রী নিরাপত্তায় রিষড়া স্টেশন দাঁড় করিয়ে দেওয়া হয় একটি আপ ব্যান্ডেল লোকালকে। দুর্ভোগে পড়তে হয় হাজার হাজার যাত্রীকে। প্রায় তিন ঘণ্টা পর, রাত ১.০৮ মিনিটের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা।

সোমবার রাতে অশান্তি শুরু হয়েছিল হুগলির রিষড়া স্টেশনের কাছে। চলে ব্যাপক বোমাবাজি। এ সবের জেরে হাওড়া থেকে আপ এবং ডাউন— দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একের পর এক ট্রেন বাতিল হওয়ায় হাওড়া স্টেশনে শুরু হয় যাত্রী বিক্ষোভ। রাত ১০টা নাগাদ হাওড়া স্টেশনে ঘোষণা করা হয় বর্ধমান শাখায় আপাতত ট্রেন চলবে না। বেশ কয়েকটি ট্রেন বাতিলও করে দেওয়া হয়। ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় এবং রেলের তরফ থেকেও কোনও স্পষ্ট উত্তর না পেয়ে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীদের একাংশ। রাত ১২টা নাগাদ আবারও রেলের তরফ থেকে জানানো হয়, পরিস্থিতি শান্ত হয়নি এখনও।

দীর্ঘ সময় যাত্রী পরিষেবা বিঘ্নিত হওয়ার পর, রাত ১টার কিছু আগে রিষড়ায় এসে দাঁড়ায় আপ বাঘ এক্সপ্রেস। এর কিছু ক্ষণ পরেই রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ‘‘যাত্রীদের ট্রেনে উঠে বসতে অনুরোধ করা হচ্ছে। এখনই সিগন্যাল দেওয়া হবে।’’ তারপর রাত ১টা ৫ মিনিটে ছেড়ে যায় বাঘ এক্সপ্রেস। এবং তার ৩ মিনিট পরেই ছাড়ে আপ ব্যান্ডেল লোকাল। স্বস্তি পান যাত্রীরা।


You might also like!