
কলকাতা, ১৯ জুলাই : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। রবিবারও তা অব্যাহত থাকবে| মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। এদিকে, রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই ২৪ পরগনা এবং নদিয়া জেলায় সেদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে| তার জেরে জারি হয়েছে লাল সতর্কতা| দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে জারি কমলা সতর্কতা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অত্যধিক বৃষ্টি হতে পারে রবিবার। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ উত্তরের পাহাড় ঘেঁষা সব জেলাতেই সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি এবং কালিম্পঙে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
