West Bengal

2 years ago

Formation of Panchayat Board:নেই পর্যাপ্ত পুলিশ কর্মী, গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত

Jalpaiguri's Gadheyarkuthi Gram Panchayat does not have enough police personnel to form the board
Jalpaiguri's Gadheyarkuthi Gram Panchayat does not have enough police personnel to form the board

 

ধূপগুড়ি, ১৮ আগস্ট : জলপাইগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য নেই পর্যাপ্ত পুলিশ কর্মী। এর জেরে শুক্রবারে ডাকা গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত রাখা হল। ব্লক প্রশাসনের তরফে ইতিমধ্যেই চিঠি দিয়ে সব রাজনৈতিক দলকেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। মূলত ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের জন্যে পুলিশ বিভিন্ন জায়গায় ব্যস্ত রয়েছে। তা ধূপগুড়ি থানা প্রশাসনকে আগেই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল। সেই ভিত্তিতেই ব্লক প্রশাসন নির্দেশিকা জারি করে আপাতত স্থগিত করা হয়েছে।

গত ৯ আগস্ট অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সঙ্গেই গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতেও বোর্ড গঠন প্রক্রিয়ার দিনক্ষণ ঠিক করা হয়েছিল। পরবর্তীতে বোর্ড গঠনের জন্যে যাওয়া আধিকারিকদের (প্রিসাইডিং সহ অন্যান্য) মাঝপথেই আটকে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শাসকদলের কর্মীদের দাবি ছিল, তাঁদের এক সদস্যা নিখোঁজ থাকায় ভোটাভুটিতে তাঁরা পিছিয়ে যেতে পারেন। সেই আশঙ্কায় আধিকারিকদেরই মাঝপথে আটকে দেওয়া হয় এবং ফিরে আসতে বাধ্য করা হয়েছিল। আটকে দেওয়া এবং আচমকা হামলার অভিযোগ এনে ঘটনায় ব্লক প্রশাসনও ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। উল্লেখ্য, গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতে বিজেপি ১১, তৃণমূল কংগ্রেস ৯, নির্দল ১ এবং সিপিএম ২টি আসনে জয়লাভ করে। বর্তমানে গ্রাম পঞ্চায়েতটি ত্রিশঙ্কু অবস্থায় থাকলেও বিজেপি বোর্ড গঠনে অনেকটাই এগিয়ে রয়েছে।


You might also like!