
খেমাশুলি, ৪ এপ্রিল : দাবি এখনও পূরণ হয়নি, তাই কুড়মি সমাজের নবতম আন্দোলন পুনরায় শুরু হয়েছে। পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলিতে, অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে কুড়মি সমাজ। এদিন সকাল থেকে এই অবরোধের জন্য জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। কুড়মি সমাজ, পশ্চিমবঙ্গ-এর রাজ্য সভাপতি রাজেশ মাহাতো দাবি করেছেন, আদিবাসী বিষয়ক মন্ত্রক যে জাস্টিফিকেশন চেয়েছে তা যেন রাজ্য সরকার দ্রুত পাঠিয়ে দেয়।
আদিবাসী কুড়মি জাতিকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করা, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা-সহ রাজ্য সরকারের সিআরআই (কালচারাল রিসার্চ ইনস্টিটিউট) রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবিতে ১ এপ্রিল থেকে জঙ্গলমহলে শুরু হয়েছে ‘ঘাঘর ঘেরা’ নামের অবরোধ কর্মসূচি। ‘কুড়মি সমাজ পশ্চিমবঙ্গ’ সংগঠনের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো আগেই পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি-তে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, গত ১ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া সহ বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের জঙ্গলমহল এলাকা জুড়ে ‘ঘাঘর ঘেরা’ নামে, লাগাতার আন্দোলন কর্মসূচির নেওয়া হয়েছে। এতদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাস্তা অবরোধ চলছিল। ৪ এপ্রিল, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য খড়গপুর গ্রামীণের খেমাশুলিতে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
