West Bengal

52 minutes ago

Agnimitra Paul: ‘ওঁর লোকই চালিয়েছে ডিম হামলা, ভাঙচুর’, ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেককে নিশানা অগ্নিমিত্রার

Agnimitra Paul on Camac Street incident
Agnimitra Paul on Camac Street incident

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ লোকজনই এতদিন ডিম হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ করলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের ঘটনাতেও তৃণমূল সাংসদকে কাঠগড়ায় তুলে তাঁর দাবি, অভিষেক নিজের দলের লোকজনকেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। তবে একইসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে জানান, এই ঘটনায় বিজেপির কেউ জড়িত থাকলে তাঁরাও অন্যায় করেছেন। এদিকে, ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত ধৃতদের সঙ্গে তৃণমূলের যোগসূত্র ছিল। 

অগ্নিমিত্রার কথায়, “কে করেছে (হামলা) সেটা দেখতে হবে। যতবারই ভাঙচুর হয়েছে, ডিম মারা হয়েছে তখন দেখা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজনই করেছে। নিজেদের লোকজনকেই সামলাতে পারে না। তা না হলে আপনাদের বিভিন্ন দল হয়! ঋতব্রত তৃণমূল, এই তৃণমূল, অভিষেকের তৃণমূল, কতগুলো তৃণমূল?” এই নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বিজেপি। কারও অফিসে ভাঙচুর করা সমর্থন করি না।” 

উল্লেখ্য, বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ ওঠে। বেশ কয়েকজন দুষ্কৃতী অফিসে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকী দপ্তরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মারধর করা হয় বলে দাবি কালীঘাট তৃণমূলের। ইতিমধ্যে এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ঘটনায় শাসকদল বিজেপিকে আক্রমণ শানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ যুক্ত নয় বলে পালটা দাবি করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। এই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, ভোটের আগে পর্যন্ত ধৃতদের সঙ্গে তৃণমূলের যোগ ছিল। 

You might also like!