
কলকাতা, ২২ মার্চ : আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে লিফটে আটকে এক যুবকের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের কঠোর সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতাকেও আক্রমণ করেছেন তিনি। রবিবার দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর বিন্দুমাত্র মানবিকতা থাকলে, ঘটনার পরই তাঁর পদত্যাগ করা উচিত ছিল।
এরইমধ্যে আবার আর জি করের ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, "আর জি কর মেডিকেল কলেজের ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এর সঙ্গে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। বিজেপি বাংলায় জিতবে না।" রবিবার শত্রুঘ্ন সিনহার এই মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের কর্মীকে বাঁচাতে ব্যস্ত, আর শত্রুঘ্ন সিনহা মমতাকে বাঁচাতে ব্যস্ত। এই লোকজন সরকার বাঁচাতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি বিন্দুমাত্রও মানবিকতা থাকত, তাহলে এই ধরনের ঘটনার পর তাঁর পদত্যাগ করা উচিত ছিল। এই ধরনের ঘটনা বারবার ঘটছে—এর জন্য কে দায়ী?" ভবানীপুরে মমতা বনাম শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, "গতবার তিনি (শুভেন্দু) নন্দীগ্রামে তাঁকে পরাজিত করেছিলেন, আর এবার ভবানীপুরেও তিনি পরাজিত হবেন।"
