
হলদিয়া, ২৭ সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পুকুরে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার ভবানীপুর থানা এলাকার চকদ্বীপা হাইস্কুলের কাছে। হলদিয়ার বালুঘাটা থেকে কুকড়াহাটি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বেসরকারি বাসটি। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান। খবর পাওয়ার পর দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বেশ কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসের অর্ধেক ডুবে যায় পুকুরে। ওই বাসে অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। সকাল সাড়ে ৮টা নাগাদ হলদিয়ার বালুঘাটা থেকে কুকড়াহাটি যাওয়ার পথে চকদ্বীপা হাইস্কুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বেসরকারি বাসটি। স্থানীয় বাসিন্দা, ভবানীপুর থানার পুলিশের সঙ্গে তিনটি ক্রেন এসেছে যাত্রীদের উদ্ধার করতে। বাসটিকে টেনে তোলার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
