
কিশনগঞ্জ, ২৮ এপ্রিল : বিহারের পূর্ণিয়ায় যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল প্রেমিক সহ চারজনের বিরুদ্ধে। বুধবার পূর্ণিয়ার কসবা থানা এলাকার এই ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে শুক্রবার আদালতে তোলা হয়। বাকি তিনজন পলাতক।
নির্যাতিতা যুবতী পুলিশকে জানিয়েছে, বুধবার রাতে তাঁর প্রেমিক গ্রামের একটি বাঁশ ঝাড়ে তাঁকে কোনও কারণে ডাকেন। যুবতী যখন সেখানে তাঁর প্রেমিকের সঙ্গে কথা বলছিলেন তথন প্রেমিকের দুই বন্ধু ঘটনাস্থলেলে পৌঁছায়। জানা গিয়েছে, তাঁর প্রেমিকই বন্ধুদের ফোন করে ডাকেন। এছাড়া আরও একজন মুখ ঢাকা অবস্থায় সেখানে ছিল। অভিযোগ, প্রেমিক সহ চারজন মিলে তাঁকে গণধর্ষণ করে। ঘটনাটি প্রকাশ্যে আসতে গ্রামে সালিশি সভার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। বৃহস্পতিবার বিকেলে চারজন অভিযুক্তর নামে যুবতীর পরিবার কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করে।
পূর্ণিয়ার মহকুমা পুলিশ আধিকারিক পুস্কর কুমার জানান, যুবতীর মেডিকেল চেকআপ করানো হয়েছে পূর্ণিয়া সদর হাসপাতালে। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয়। পলাতক তিনজনের খোঁজ চলছে।
