
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতের বৈদ্যুতিক স্কুটারের বাজারে বড়সড় চমক দিল ইয়ামাহা। জাপানি এই দুই চাকার যান নির্মাতা সংস্থা দেশে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার ‘ইসি-০৬’ (EC-06) আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল। পরিবেশবান্ধব যাতায়াতকে আরও উৎসাহিত করতে এই পদক্ষেপকে ইয়ামাহার ইভি যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ইয়ামাহার এই নতুন ইলেকট্রিক স্কুটারের এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১ লক্ষ ৬৭ হাজার ৬০০ টাকা। প্রাথমিকভাবে বাছাই করা কিছু শহরে সংস্থার প্রিমিয়াম ‘ব্লু স্কয়ার’ ডিলারশিপের মাধ্যমে স্কুটারটি বিক্রি করা হবে। রিভার ইন্ডি-র প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি এই স্কুটারটি আপাতত ‘ব্লুয়িশ হোয়াইট’ রঙে বাজারে এসেছে।

পারফরম্যান্সের দিক থেকেও EC-06 যথেষ্ট শক্তিশালী। এতে রয়েছে ৪ kWh ফিক্সড ব্যাটারি, যার সঙ্গে যুক্ত ইন্টেরিয়র পারমানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর। এই মোটর থেকে সর্বোচ্চ ৬.৭ কিলোওয়াট শক্তি ও ২৬ এনএম টর্ক পাওয়া যায়। সংস্থার দাবি, একবার সম্পূর্ণ চার্জে স্কুটারটি ১৬৯ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭৯ কিমি। সাধারণ হোম প্লাগ ব্যবহার করেই ব্যাটারি চার্জ দেওয়া যাবে, সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ৮ ঘণ্টা। চালকের সুবিধার জন্য স্কুটারটিতে রয়েছে ইকো, স্ট্যান্ডার্ড ও পাওয়ার—এই তিনটি রাইডিং মোড। পাশাপাশি সংকীর্ণ জায়গায় পার্কিংয়ের জন্য দেওয়া হয়েছে রিভার্স মোড। নিরাপত্তার ক্ষেত্রে দুই চাকাতেই রয়েছে ২০০ মিমি ডিস্ক ব্রেক ও কম্বি ব্রেক সিস্টেম (CBS)। সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে কয়েল স্প্রিং সাসপেনশন থাকায় খারাপ রাস্তাতেও আরামদায়ক যাত্রার আশ্বাস দিচ্ছে ইয়ামাহা।
ফিচারের তালিকায় রয়েছে রঙিন এলসিডি ডিসপ্লে, যেখানে স্পিড, ব্যাটারির অবস্থা ও কানেক্টিভিটি সংক্রান্ত তথ্য দেখা যাবে। সামনে ও পিছনে রয়েছে শক্তিশালী এলইডি লাইট। বাজারে এই স্কুটারটি রিভার ইন্ডি, অ্যাথার ৪৫০এক্স ও ওলা এস১ প্রো-র মতো জনপ্রিয় মডেলগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে চলেছে। সব মিলিয়ে, ইয়ামাহা EC-06 ভারতের ইলেকট্রিক স্কুটার বাজারে প্রতিযোগিতা আরও তীব্র করবে বলেই মনে করছেন অটো সংস্থার কর্তৃপক্ষ।
