
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের আমেজ এ বছর বেশ কিছুটা দীর্ঘস্থায়ী হয়েছিল। ফেব্রুয়ারি পেরিয়ে মার্চের শেষেও গরম তেমন দাপট দেখাতে পারেনি। তবে আর দেরি নেই—এপ্রিল পড়লেই তাপমাত্রা দ্রুত ঊর্ধ্বমুখী হবে। আর সেই সঙ্গে ঘরে ঘরে ফের চালু হবে এসি।
কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার পর হুট করে এসি চালু করা মোটেই নিরাপদ নয়। বিশেষজ্ঞদের মতে, শীতের পর এসি ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল না রাখলে যন্ত্রের ক্ষতি তো হয়ই, এমনকি দুর্ঘটনার ঝুঁকিও থেকে যায়।
১। অনেকদিন পর এসি চালু করলে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে। অনেক সময় ভেতরে ময়লা জমেও বিপত্তি হয়। এজন্য অনেকদিন বন্ধ থাকার পর এসি চালুর আগে সার্ভিসিং করিয়ে নিন।
২। যদি সম্ভব হয় তবে পেশাদার টেকনিশিয়ানের উপস্থিতি নিশ্চিত করে তবে এসি চালু করুন। এতে তাৎক্ষণিক কোনও সমস্যা দেখা দিলেও সেটা সমাধান করা সহজ হবে।
৩। এয়ার ফিল্টারে কোনও ময়লা জমেছে কি না সেটা পরীক্ষা করে নিন। প্রয়োজনে এসির ভেতরের নেট খুলে ডাস্ট ক্লিনিং করে নিন।
৪। বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি না সেটা নিশ্চিত হয়ে নিন। অনেক সময় অনেকদিন বন্ধ থাকার ফলে সংযোগে সমস্যা দেখা দেয়।
৫। শীতের পর পুনরায় এয়ার কন্ডিশনার চালু করার আগে আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিট পরিষ্কার করে নিন।
সামান্য এই সতর্কতাগুলি মেনে চললেই গরমের দিনে নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এসি। কমবে যন্ত্রের ক্ষতির সম্ভাবনা, সঙ্গে এড়ানো যাবে অপ্রত্যাশিত বিপদ।
