Technology

1 hour ago

WhatsApp Update: স্টেটাস থাকবে সংরক্ষিত! হোয়াটসঅ্যাপে আসছে নতুন আর্কাইভ ফিচার, সঙ্গে বাবল রিপ্লাইয়ের সুবিধা

WhatsApp New Status Feature 2026
WhatsApp New Status Feature 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে একের পর এক নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এবার জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের স্টেটাস ফিচারেই আসতে চলেছে বড় পরিবর্তন। এতদিন ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যেত স্টেটাস—তবে সেই নিয়ম বদলাতে চলেছে খুব শীঘ্রই। বর্তমানে আট থেকে আশি, প্রায় সকলের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। শুধুমাত্র ব্যক্তিগত কথোপকথন নয়, অফিসের কাজ থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ যোগাযোগও এখন এই অ্যাপের মাধ্যমেই হয়। দিনের শুরু থেকে রাত পর্যন্ত বহু ব্যবহারকারী নিয়মিত নজর রাখেন এই প্ল্যাটফর্মে। এর পাশাপাশি নিজেদের জীবনের ছোট-বড় মুহূর্ত ভাগ করে নেওয়ার ক্ষেত্রেও স্টেটাস ফিচারটি বিশেষ জনপ্রিয়।

কিন্তু দীর্ঘদিন ধরেই একটি সমস্যা ছিল—স্টেটাস ২৪ ঘণ্টা পেরোলেই তা মুছে যেত। ফলে অনেক সময় গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও পরে আর দেখা যেত না। এই অসুবিধার সমাধান করতেই এবার নতুন ‘আর্কাইভ’ ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে স্টেটাস মুছে গেলেও তা সংরক্ষিত থাকবে এবং ব্যবহারকারী চাইলে পরবর্তীতে সহজেই তা দেখতে পারবেন। অনেকটা ইনস্টাগ্রামের স্টোরি আর্কাইভের মতোই কাজ করবে এই নতুন ব্যবস্থা। এখানেই শেষ নয়, ব্যবহারকারীদের আরও সুবিধা দিতে ‘বাবল’ ফিচার নিয়েও কাজ করছে সংস্থাটি। এই ফিচার চালু হলে কোনও মেসেজ এলেই স্ক্রিনে ভেসে উঠবে একটি ছোট বাবল, যেখানে দেখা যাবে প্রেরকের ছবি ও অ্যাপের লোগো। সেই বাবলে ট্যাপ করলেই খুলে যাবে একটি মিনি চ্যাট বক্স, যেখানে সরাসরি রিপ্লাই করা যাবে—অ্যাপ খুলে আলাদা করে ঢোকার প্রয়োজন পড়বে না। এই সুবিধাটি অনেকটাই ফেসবুক, ম্যাসেঞ্জারে পরিচিত ‘চ্যাট বাবল’ ফিচারের মতো, যা বহুদিন ধরেই ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়। নতুন এই আপডেটগুলি কার্যকর হলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত হবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

সব মিলিয়ে বলা যায়, হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে নিজেকে আরও স্মার্ট ও ব্যবহারবান্ধব করে তুলছে। স্টেটাস আর্কাইভ থেকে শুরু করে বাবল রিপ্লাই—এই নতুন ফিচারগুলি চালু হলে ব্যবহারকারীদের দৈনন্দিন ডিজিটাল অভ্যাসে আরও বড় পরিবর্তন আসতে পারে।  

You might also like!