
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমানে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুরু করে অফিসের কাজ, পড়াশোনা কিংবা ব্যবসায়িক যোগাযোগ—সব ক্ষেত্রেই এই অ্যাপের ব্যবহার বেড়েছে বহুগুণ। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশট ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে কি হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট বয়সসীমা বাধ্যতামূলক হতে চলেছে?
সম্প্রতি ‘এক্স’-এ ভাইরাল হওয়া একটি স্ক্রিনশটে দেখা যায়, ব্যবহারকারীদের জন্মতারিখ (Date of Birth) যোগ করতে বলা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, ভারতের আসন্ন কিছু সরকারি নিয়ম মেনেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরপর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই মনে করছেন, কমবয়সি ব্যবহারকারীদের জন্য নতুন কোনও বিধিনিষেধ আনতে চলেছে সরকার।

তবে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু পরিষেবা ব্যবহার বা নতুন ফিচারে প্রবেশের সময় ব্যবহারকারীর বয়স সম্পর্কিত তথ্য চাওয়া হতে পারে। প্রয়োজনে বয়স যাচাইয়ের জন্য অতিরিক্ত তথ্যও সংগ্রহ করা হতে পারে। তবে শুধুমাত্র নির্দিষ্ট বয়স না হলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না—এমন কোনও সরকারি নির্দেশিকা বা সংস্থার নীতির কথা এখনও প্রকাশ্যে আসেনি। সংস্থার দাবি, বিশ্বের বিভিন্ন দেশের আইনি নিয়ম মেনে চলার জন্যই ব্যবহারকারীদের বয়স সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। এর মাধ্যমে বয়সভিত্তিক উপযুক্ত ফিচার, বিশেষ করে ‘মেটা এআই’, ‘স্ট্যাটাস’ এবং ‘চ্যানেল’-এ দেখানো বিজ্ঞাপনের অভিজ্ঞতা আরও সুরক্ষিত ও প্রাসঙ্গিক করা সম্ভব।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, এক্স, রেডিট এবং ইউটিউব ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। যদিও সেই তালিকায় হোয়াটসঅ্যাপকে রাখা হয়নি। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সে দেশের সরকার।
