Technology

1 hour ago

Fridge Cleaning Hacks: ফ্রিজের দরজার রবারে জমছে কালো ময়লা? বাড়তে পারে বিদ্যুতের বিল, ঘরোয়া উপায়েই মিলবে সমাধান

Fridge Door Rubber Cleaning Tips
Fridge Door Rubber Cleaning Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গরমের দিনে ফ্রিজ যেন প্রতিটি পরিবারের অন্যতম ভরসা। রান্না করা খাবার থেকে শুরু করে ফল, সবজি, ঠান্ডা পানীয়—সবকিছুর সতেজতা বজায় রাখতে দিনরাত কাজ করে এই বৈদ্যুতিক যন্ত্র। কিন্তু ফ্রিজের বাইরের অংশ পরিষ্কার রাখলেও অনেকেই একটি গুরুত্বপূর্ণ জায়গার যত্ন নিতে ভুলে যান। সেটি হল দরজার চারপাশে থাকা রবারের গ্যাসকেট।

ফ্রিজের দরজার এই রবার অংশটি ভেতরের ঠান্ডা বাতাস বাইরে বেরোতে দেয় না। ফলে ফ্রিজের অভ্যন্তরে নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে। কিন্তু দীর্ঘদিন পরিষ্কার না করলে এই রবারের খাঁজে ধুলো, তেলচিটে ময়লা, এমনকি ছত্রাকও জমতে শুরু করে। ধীরে ধীরে রবার শক্ত হয়ে যেতে পারে বা সঠিকভাবে সিল করার ক্ষমতা হারাতে পারে। এর ফলে ফ্রিজের দরজা পুরোপুরি বন্ধ হয় না। বাইরে থেকে গরম বাতাস ভেতরে ঢুকে পড়ে এবং ঠান্ডা বাতাস বেরিয়ে যায়। তখন প্রয়োজনের তুলনায় বেশি কাজ করতে হয় কম্প্রেসারকে। ফলস্বরূপ বিদ্যুৎ খরচ বৃদ্ধি পায় এবং ফ্রিজের আয়ুও কমে যেতে পারে। পাশাপাশি খাবার দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কাও বাড়ে। তবে এই সমস্যার সমাধানের জন্য সবসময় মেকানিক ডাকতে হবে এমন নয়। ঘরেই থাকা কয়েকটি সাধারণ উপকরণ ব্যবহার করেই রবারের জমে থাকা ময়লা সহজে পরিষ্কার করা যায়। 

১. ম্যাজিক টুথপেস্ট ও লেবুর কামাল— প্রথমেই ফ্রিজের নোংরা রবারের খাঁজে সামান্য হালকা গরম জল স্প্রে করে নিন। এবার ঘরে থাকা সাধারণ টুথপেস্ট রবারের ওপর ভালো করে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর লেবুর রস ও জলের একটি মিশ্রণ তৈরি করে তার ওপর ঢেলে দিন। একটি স্ক্রাবার বা পুরোনো টুথব্রাশ দিয়ে আলতো হাতে ঘষুন। টুথপেস্টের উপাদান নিমেষেই জমে থাকা জেদি কালো দাগ আলগা করে দেবে। শেষে একটি ভিজে নরম কাপড় দিয়ে মুছে নিলেই কেল্লাফতে! রবার হয়ে উঠবে নতুনের মতো ঝকঝকে।


২. বেকিং সোডার কেরামতি— যদি টুথপেস্ট না চান, তবে ভরসা রাখতে পারেন বেকিং সোডার ওপর। এক কাপ জলে আধ চা চামচ বেকিং সোডা মিশিয়ে একটি তরল মিশ্রণ তৈরি করুন। এবার একটি পরিষ্কার কাপড় সেই মিশ্রণে ভিজিয়ে ফ্রিজের রবারটি ভালো করে মুছুন। ভেতরের দুর্গম কোণের ময়লা পরিষ্কার করতে একটি ব্রাশ ব্যবহার করতে পারেন। বেকিং সোডা নিমেষেই সমস্ত চ্যাটচ্যাটে ভাব দূর করে জীবাণুমুক্ত করবে। সবশেষে একটি শুকনো কাপড় দিয়ে পুরো জায়গাটি ভালো করে মুছে নিন।

বিশেষজ্ঞদের মতে, মাসে অন্তত একবার ফ্রিজের গ্যাসকেট পরিষ্কার করলে সিলিং ক্ষমতা ঠিক থাকে, বিদ্যুৎ সাশ্রয় হয় এবং ফ্রিজ দীর্ঘদিন ভালোভাবে কাজ করে। তাই ফ্রিজের বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি দরজার রবারের দিকেও নজর দিন। সামান্য যত্নই বাঁচাতে পারে বড় খরচ। 

You might also like!