
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গরমের দাবদাহ কাটিয়ে প্রকৃতিতে এখন বর্ষার আগমনী বার্তা। আকাশে কালো মেঘ, মাঝে মাঝেই বজ্রের গর্জন— সব মিলিয়ে বৃষ্টির মরশুম যেন দরজায় কড়া নাড়ছে। বর্ষার বৃষ্টি যেমন গাছপালার জন্য আশীর্বাদ, তেমনই অতিরিক্ত জল অনেক সময় বাগানের ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়। তাই সময় থাকতে কিছু সতর্কতা অবলম্বন করলেই বর্ষাজুড়ে বাগান থাকবে সতেজ ও প্রাণবন্ত।
১। জল নিকাশিতে গুরুত্ব দিন: বর্ষায় গাছের প্রধান শত্রু হল গোড়ায় জমে থাকা জল। শিকড় পচে গেলে গাছকে বাঁচানো মুশকিল। তাই প্রথম কাজই হল টবের নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম খতিয়ে দেখা। অনেক সময় টবের নিচের ছিদ্রে মাটি জমে জল আটকে যায়। কাঠি দিয়ে খুঁচিয়ে সেই মুখগুলি পরিষ্কার করে দিন। ভারী বৃষ্টির আগেই টবের মাটি ভালো করে খুঁড়ে আলগা করে নেওয়া জরুরি। এতে মাটি হালকা হবে। বৃষ্টির অতিরিক্ত জলও সহজে বেরিয়ে যাবে।
২। টব উঁচু স্থানে রাখুন: মাটির সংস্পর্শে সরাসরি টব রাখলে জল বেরোতে সমস্যা হয়। তাই টবগুলিকে সরাসরি মেঝেতে না রেখে লোহার তাক বা ইটের উপর বসান। এতে টবের তলা দিয়ে জল নিষ্কাশন মসৃণ হবে। ছাদ বা বারান্দায় বাগান থাকলে আরও একটি বিষয়ে নজর দিন। বৃষ্টির জলে মাটি ধুয়ে অনেক সময় ছাদের ড্রেন বা নিকাশি পাইপের মুখ বুজে যায়। জল জমে ছাদ নষ্ট হতে পারে। তাই বর্ষা নামার আগেই পাইপের মুখগুলি ভালো করে পরিষ্কার করে রাখুন।
৩। মাটির পুষ্টিগুণ বজায় রাখুন: বর্ষার জল পেয়ে গাছ খুব দ্রুত বাড়ে। এই বাড়বাড়ন্তের সময়ে গাছের চাই অতিরিক্ত পুষ্টি। তাই আকাশ ভাঙা বৃষ্টি শুরু হওয়ার আগেই টবের মাটিতে পরিমাণ মতো জৈব সার মিশিয়ে দিন। মাটি পুষ্টিগুণে ভরপুর থাকলে গাছ বর্ষার মরশুম জুড়ে সতেজ থাকবে। নতুন গাছ লাগানোর জন্যও এই সময়টা আদর্শ। বর্ষার মরশুমি ফুল বা আনাজের চারা লাগাতে চাইলে এখন থেকেই মাটি তৈরি করে রাখুন। এই সময়ে চারা বসালে তা খুব দ্রুত শিকড় ছড়ায়। তাড়াতাড়ি বেড়ে ওঠে।
৪। ছাঁটাই করে দিন দুর্বল ডাল: গাছের শুকনো বা দুর্বল ডালপালা আগে থেকেই কেটে ফেলুন। এতে গাছে নতুন কুঁড়ি ও পাতা গজানোর সুযোগ বাড়বে এবং ঝড়-বৃষ্টিতে ডাল ভেঙে যাওয়ার আশঙ্কাও কমবে।
৫। সার প্রয়োগে সতর্কতা: বর্ষার আগে জৈব সার বা কম্পোস্ট প্রয়োগ করলে গাছ প্রয়োজনীয় পুষ্টি পায়। তবে অতিরিক্ত সার ব্যবহার না করাই ভালো, কারণ অতিরিক্ত আর্দ্রতায় তা গাছের ক্ষতি করতে পারে।
৬। সংবেদনশীল গাছকে সুরক্ষা দিন: যে গাছগুলি অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে না, সেগুলিকে বারান্দা, শেড বা ছাউনির নীচে সরিয়ে রাখুন। এতে অতিরিক্ত জল ও ঝোড়ো হাওয়ার ক্ষতি থেকে গাছকে রক্ষা করা সম্ভব।
বর্ষা প্রকৃতিকে নতুন প্রাণ দেয়, তবে সেই সঙ্গে নিয়ে আসে কিছু চ্যালেঞ্জও। তাই আগাম প্রস্তুতি থাকলে বর্ষার দিনগুলোতেও আপনার বাগান ভরে থাকবে রঙিন ফুল, সবুজ পাতা আর সতেজতায়।
