
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিয়ে মানেই স্বপ্নের দিন। আর সেই দিনে সাজে কোনও খামতি রাখতে চান না কোনও কনেই। শাড়ি বা লেহেঙ্গা বেছে নেওয়ার পর সবচেয়ে বেশি ভাবনায় ফেলে গয়না নির্বাচন। এখন আর গয়না সীমাবদ্ধ নেই গলা, কান বা হাতে— চুলের সাজেও যুক্ত হয়েছে নতুন ট্রেন্ড, ‘হেয়ার জুয়েলারি’।
আগে কনের খোঁপা মানেই জুঁই বা রজনীগন্ধার ফুলের মালা। তবে এখনকার কনেদের পছন্দ একটু অন্যরকম। খোঁপা, বেণী বা খোলা চুল— সব ক্ষেত্রেই মানানসই ঝলমলে হেয়ার অ্যাকসেসরিজ। কপালের টিকলি থেকে শুরু করে মাথার মাঝ বরাবর মাথাপাটি, খোঁপার চারপাশে স্টোন বা মুক্তোর কাজ— সব মিলিয়ে চুলের সাজ এখন বিয়ের লুকের অন্যতম আকর্ষণ। বর্তমানে বাঙালি বিয়ের অনুষ্ঠানও হয়েছে আরও জাঁকজমকপূর্ণ। আইবুড়োভাত, সঙ্গীত, মেহন্দি, গায়ে হলুদ, বিয়ে এবং বৌভাত— প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা সাজ পরিকল্পনা করছেন কনেরা। ফলে চুলের স্টাইলেও চাই বৈচিত্র্য।
* আইবুড়োভাতের সাজে খোঁপাবাহার: বিয়ের অনুষ্ঠান শুরু হয় আইবুড়োভাত দিয়ে। আগে বাড়িতেই পরিবারের লোকজনকে নিয়ে এই আচার পালন করা হলেও এখন বিয়ের আগে বড় অনুষ্ঠান করেই উদ্যাপন করা হয় আইবুড়োভাত। তাই সেই সাজেও খামতি রাখলে চলবে না। এই অনুষ্ঠানে চুলে খোঁপার বাঁধন রাখলে মন্দ লাগবে না। আর খোঁপার সাজে চমক আনতে ব্যবহার করতে পারেন নকল ফুলের গাজরা কিংবা ক্রিস্টালের গয়না। আরও বেশি নজর কাড়তে চাইলে বেছে নিতে পারেন খোঁপার ধাতব অলঙ্কার, সাজে সাবেকিয়ানা আনতে এই ধরনের গয়নার জবাব নেই।
* সঙ্গীত-মেহন্দির দিনে কুন্দনে অলক-বন্ধন: এখন বাঙালি বিয়েতেও সঙ্গীত-মেহন্দির অনুষ্ঠানের জাঁকজমক দেখার মতো। গান-বাজনা, নাচানাচির সঙ্গে কনের সাজেও থাকে দারুণ চমক। লেহঙ্গা থেকে শররা, স্কার্ট থেকে ইন্দো-ওয়েস্টার্ন গাউন— মেহন্দি-সঙ্গীতের অনুষ্ঠানে নজর কাড়তে এখন এই ধরনের পোশাকই বেছে নিচ্ছেন হবু কনেরা। অনুষ্ঠানে নাচানাচি হবেই, তাই চুলের বাঁধন ঠিকঠাক না হলে কিন্তু মুশকিলে পড়বেন। খোলা চুল রাখতে চাইলেও চুলের সামনের দিকটা পাফ করে নিয়ে পিছনে করুন হালকা কার্ল। আর সাজে চমক আনতে ব্যবহার করতে পারেন কুন্দনের গয়না। আলগা বিনুনি হোক বা এলোকেশী— কুন্দনের গয়নার সাজেই হয়ে উঠুন অনন্যা।
* গায়েহলুদের সাজে 'মুক্তো'-বেণীর সন্ধান: বিয়ের দিনের সকালের সাধারণত হলুদ বা লালপেড়ে সাদা শাড়ি পরার চল রয়েছে বাঙালি কনেদের মধ্যে। তবে এখন ছক ভাঙতে অনেকে লেহঙ্গাও পরছেন। চুলের সাজেও একটু পরীক্ষা-নিরীক্ষা না করলেই নয়। গায়েহলুদে খোঁপা বাঁধতে চাইলে বেছে নিতে পারেন মুক্তোখচিত বাহারি খোঁপার অলঙ্কার। আর যদি মন চায় বিনুনি করতে তা হলে বিনুনির বাঁধনের মাঝে বেঁধে নিতে পারেন একটি এক হাত লম্বা ব্রোচ। ছক ভাঙতে সাজ নিয়ে একটু পরীক্ষা তো করাই যায়।

* বিয়ের সাজে খোঁপায় জড়াক জড়োয়া: লেহঙ্গার চল বাড়লেও এখনও বিয়ের দিনের সাজের জন্য বাঙালি কনেদের প্রথম বেনারসী শাড়ি। শাড়ির সঙ্গে খোঁপাটা কিন্তু মাস্ট। ফুল দিয়ে খোঁপার সাজ এখন ফ্যাশনে ‘ইন’ নয়, বরং খোঁপাকে নজরকাড়া করতে বেছে নিতে পারেন বাহারি অলঙ্কার। হ্যালফ্যাশনে ‘বান অ্যাক্সেসরিজ’ অর্থাৎ খোঁপার অলঙ্কারের চাহিদা দারুণ। বাঙালি কনেরা যদিও ফুলেল সাজেই সেজে ওঠেন, তবু একটু কায়দা করতে চাইলে খোঁপার অলঙ্কার কিন্তু সাজে চমক আনতে পারে। কুন্দন কিংবা জড়োয়া, মুক্তো কিংবা রকমারি পাথর— খোঁপার অলঙ্কারে বিকল্প পাবেন অনেক।
* বৌভাতের দিনে খোলা চুলেই কামাল: বাঙালি কনেরা অনেকেই এখন বৌভাতের অনুষ্ঠানে পরার জন্য লেহঙ্গাকেই রাখেন পছন্দের তালিকার প্রথমে। তবে অনেকে সাবেকিয়ানা ধরে রাখার জন্য কাঞ্জিভরম বা বেনারসীতেই সাজতে পছন্দ করেন। বৌভাতের সাজে খোলা চুলেই কায়দা করতে পারেন। চুল সাজাতে বেছে নিতে পারেন ক্রিস্টাল কিংবা রকমারি পাথরের ব্রোচ। তবে অনেকেই খোলা চুলে স্বচ্ছন্দ নন, সে ক্ষেত্রে মুক্তোর গাজরা আর কুন্দনের হেয়ার পিন দিয়েও সাজিয়ে তুলতে পারেন খোঁপার বাঁধন।
বিশেষজ্ঞদের মতে, পোশাক ও মুখের গড়নের সঙ্গে সামঞ্জস্য রেখে হেয়ার জুয়েলারি বেছে নেওয়াই সেরা উপায়। অতিরিক্ত ভারী অলঙ্কার না পরে ভারসাম্য বজায় রাখলে সাজ আরও পরিশীলিত দেখাবে। এই বিয়ের মরশুমে তাই ফুলের পাশাপাশি গয়নাতেও দিন সমান গুরুত্ব। কারণ, নিখুঁত চুলের সাজই হতে পারে আপনার ব্রাইডাল লুকের আসল রহস্য।
