
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দৈনন্দিন জীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে অনেকেই গরম জলকে ভরসা করেন। ধারণা, গরম জল জীবাণু ধ্বংস করে এবং ময়লা সহজে দূর করে। ফলে বাসনপত্র থেকে শুরু করে ঘরের নানা সামগ্রী—সবকিছুই গরম জলে ধোয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অভ্যাস সবসময় নিরাপদ নয়। বরং কিছু জিনিসে গরম জল ব্যবহার করলে উল্টে ক্ষতির সম্ভাবনাই বেশি।
* মুক্তো, পলা কিংবা অন্য কোনও পাথরের গয়না ভুল করেও গরম জল দিয়ে পরিষ্কার করবেন না। তাতে ওই গয়নার ঔজ্জ্বল্য নষ্ট হতে পারে। তার বদলে ঠান্ডা জল আর অল্প সাবান দিয়ে পরিষ্কার করুন। তাতে গয়নার ক্ষতি কম হবে।
* সেরামিক কিংবা কাচের বাসনপত্র ভুলেও গরম জল দিয়ে ধোবেন না। তাতে নষ্ট হতে পারে রং। অতিরিক্ত গরম জলের ফলে পাত্রটি ফেটেও যেতে পারে। পরিবর্তে সাবান আর ঠান্ডা জলই হোক আপনার সাহায্যকারী।
* কাঠের বাসনপত্র কিংবা কাটিং বোর্ড অনেকে গরম জল দিয়ে পরিষ্কার করেন। তাতে হয়তো হলুদের দাগ উঠে আরও পরিষ্কার হবে বলেই ভাবেন বহু গৃহিণী। এভাবে ঔজ্জ্বল্য ফেরানো সম্ভব নয়। তাতে রং নষ্ট হতে পারে। তাই ঠান্ডা জলে পরিষ্কার করুন।
* ভেলভেটের কোনও সামগ্রী ভুল করেও গরম জল দিয়ে পরিষ্কার করবেন না। তাতে কুঁচকে যেতে পারে। পরিবর্তে ঠান্ডা জল ব্যবহার করুন। ড্রাই ওয়াশ করাতে পারলেও মন্দ হবে না।
* সিল্ক, উল কিংবা লেস রয়েছে এমন পোশাক গরম জলে কাচবেন না। তাতে পোশাকের রং নষ্ট হতে পারে। কুঁচকেও যেতে পারে। পরিবর্তে ঠান্ডা জল দিয়ে এগুলি পরিষ্কার করুন।
* মার্বেলের মেঝেতে অনেক সময় অপরিষ্কার মনে হয়। পরিষ্কার করতে কেউ কেউ গরম জল দিয়ে ঘর ধোওয়ার পরিকল্পনা করেন। এই কাজ ভুলেও করবেন না। তাতে মার্বেলের মেঝের ক্ষতি হতে পারে।
* বর্তমানে অনেকে হার্ডউড ফ্লোর তৈরি করেন। তাতে কাঠের বাড়ির মতো অনুভূতি হয়। এই হার্ডউড ফ্লোর প্রতিদিন স্বাভাবিক তাপমাত্রার জলে পরিষ্কার করা প্রয়োজন। ভুল করেও গরম জলে পরিষ্কার করবেন না। তাতে মেঝের ঔজ্জ্বল্য নষ্টের সম্ভাবনা প্রবল।
তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় শুধু অভ্যাস নয়, সঠিক পদ্ধতি জানা জরুরি। সবকিছুর জন্য গরম জল ব্যবহার না করে, জিনিস অনুযায়ী সঠিক তাপমাত্রার জল বেছে নিলেই সুরক্ষিত থাকবে আপনার প্রিয় সামগ্রী এবং দীর্ঘস্থায়ী হবে তাদের ব্যবহার।
