
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমান জীবনযাত্রায় চুল পড়ে যাওয়া, পাতলা হয়ে যাওয়া বা রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা অনেক পুরুষের কাছেই পরিচিত। কাজের চাপ, দূষণ, অনিয়মিত খাদ্যাভ্যাস—সব মিলিয়ে চুলের স্বাস্থ্য দ্রুত খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে প্রাকৃতিক সমাধান হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে ক্যাস্টর অয়েল।
বিশেষজ্ঞদের মতে, ক্যাস্টর অয়েলে উপস্থিত রিসিনোলিক অ্যাসিড, ভিটামিন ই এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড মাথার ত্বকে পুষ্টি জোগায়। এটি স্ক্যাল্পের শুষ্কতা কমাতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। ফলে নিয়মিত ব্যবহার করলে চুল মজবুত ও স্বাস্থ্যকর হতে পারে। তবে শুধুমাত্র ক্যাস্টর অয়েল ব্যবহার করলেই হবে না। ক্যাস্টর অয়েল-র সঙ্গে অন্যান্য সঠিক উপাদানের মিশ্রনই কার্যকরী ভূমিকা পালন করবে।
∆ এই জায়গাতেই আসে সঠিক তেল বাছাইয়ের প্রশ্ন। চুলের ধরন বুঝে কোন তেল মেশাবেন, সেটি নির্ধারণ করতে হবে—
১. নারকেল তেল: ক্যাস্টর অয়েলের সঙ্গে এই তেলের জুটি সবচেয়ে বেশি জনপ্রিয়। নারকেল তেল চুলের ভিতরে প্রবেশ করে প্রোটিনের (কেরাটিন) ক্ষয় কমায়, ফলে চুলে ভাঙন ধরার প্রবণতা কমে। শুষ্ক, রুক্ষ বা ক্ষতিগ্রস্ত চুলে এই মিশ্রণ বিশেষ কার্যকর।
২. আমন্ড অয়েল: এই বাদাম তেলও খুব উপকারী। হালকা ও পুষ্টিকর এই তেল মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে। ক্যাস্টর অয়েল বেশ ভারী বলে এই তেলের সঙ্গে মেশালে সুন্দর একটি ভারসাম্য তৈরি হয়। নিয়মিত মাথায় মাখলে চুলের গোড়া মজবুত হয়।
৩. আর্গন অয়েল: এই তেলকে অনেকেই তরল সোনা বলেন। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ও ফ্যাটি অ্যাসিড চুলকে মসৃণ করে, জট পড়ার সমস্যা কমায় এবং ঔজ্জ্বল্য বাড়ায়। রং করা বা কেমিক্যাল ট্রিটমেন্ট করা চুলের জন্য এই মিশ্রণ বিশেষ উপযোগী।
৪. হোহোবা অয়েল: যাঁদের মাথার ত্বক খুব তৈলাক্ত, তাঁদের জন্য হোহোবা তেল খুবই উপকারী। মাথার ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে পুষ্টির জোগান দেয়। ফলে চুল গজানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়।
৫. রোজ়মেরি অয়েল: মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়িয়ে চুলের ফলিকলগুলিকে সক্রিয় করতে সাহায্য করে রোজ়মেরি ও ক্যাস্টর অয়েলের মিশ্রণ। বিশেষ করে চুল পাতলা হয়ে গেলে এই টোটকা প্রয়োগ করা উচিত নিয়ম করে।
বিশেষজ্ঞরা বলছেন, সঠিক অনুপাতে মিশ্রণ তৈরি করে নিয়মিত ব্যবহার করলেই মিলতে পারে কাঙ্ক্ষিত ফল। অর্থাৎ, ক্যাস্টর অয়েলের আসল উপকার পেতে হলে দরকার সঠিক সঙ্গী এবং নিয়মিত যত্ন।
