Life Style News

3 hours ago

Vastu Tips: প্রিয়জনকে উপহার দেওয়ার আগে সাবধান! বাস্তুমতে এই জিনিসগুলি এড়িয়ে চলুন

Vastu Gift Guide
Vastu Gift Guide

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রিয় মানুষের জীবনের বিশেষ দিনে উপহার দিতে গিয়ে অনেকেই চান, এমন কিছু দিতে যা হবে একটু অন্যরকম। এমন উপহার, যা শুধু আনন্দই দেবে না, দীর্ঘদিন ধরে মনে করিয়ে দেবে প্রিয় মানুষটির কথা। তাই অভিনব উপহার বাছাই করতে গিয়ে শুরু হয় নানা ভাবনাচিন্তা।

তবে উপহার নির্বাচনের সময় শুধু পছন্দ-অপছন্দ নয়, বাস্তুশাস্ত্রের বিষয়টিও মাথায় রাখেন অনেকে। কারণ, উপহারের উদ্দেশ্য যেহেতু আনন্দ ও ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া, তাই এমন কিছু উপহার দেওয়া ভালো, যা বাস্তুশাস্ত্র মতে শুভ বলে বিবেচিত। আপনি বাস্তুশাস্ত্র মেনে চলুন বা না চলুন, প্রিয়জনের জীবনের গুরুত্বপূর্ণ দিনে উপহার দেওয়ার আগে কিছু জিনিস এড়িয়ে চললে ক্ষতি কী! তাই অভিনব উপহার বেছে নেওয়ার পাশাপাশি সেটি শুভ ও ইতিবাচক কি না, সেদিকেও নজর রাখা যেতে পারে।

১. ঘড়ি— উপহার হিসেবে হাতঘড়ি দেওয়া তবু চলে, দেওয়াল ঘড়ি না দেওয়াই ভালো। বাস্তু মতে ঘড়ি সময়, পরিবর্তন ও গতির প্রতীক। সেই কারণে কাউকে ঘড়ি উপহার দিলে সম্পর্কের গতিপথে পরিবর্তন বা দূরত্ব তৈরি হতে পারে—এমন একটি প্রচলিত বিশ্বাস রয়েছে।

২. ধারালো জিনিস— ধারালো জিনিসকে বাস্তু মতে ক্ষত, বিচ্ছেদ বা বিরোধের প্রতীক হিসেবে দেখা হয়। গৃহপ্রবেশের মতো অনুষ্ঠানে অনেক সময়েই কাটলারি সেট উপহার দিয়ে থাকেন কেউ কেউ, যার মধ্যে চামচ, কাঁটা চামচ, বাটার নাইফ প্রভৃতি ধারালো জিনিস থাকে। কাছের মানুষকে এমন জিনিস উপহার দিলে সম্পর্কে নেতিবাচকতা বা মনোমালিন্য আসতে পারে বলে মনে করা হয়।

৩. রুমাল— প্রিয় মানুষকে উপহার হিসেবে রুমাল না দেওয়াই ভালো। কারও হাতে রুমাল তুলে দেওয়াকে দুঃখ, চোখের জল বা মনোমালিন্যের প্রতীক হিসেবে দেখা হয়। গ্রুমিং কিট হিসেবে উপহার দিতে চাইলেও, খানিক ভেবে দেখার প্রয়োজন রয়েছে, মনে করেন বাস্তু বিশারদরা।

৪. ওয়ালেট— ছেলেদের উপহার দেওয়ার ক্ষেত্রে অপশন এমনিতেই কম। নামাঙ্কিত ওয়ালেট তাই উপহার হিসেবে বেছে নেন অনেকেই। কিন্তু বাস্তুশাস্ত্র জানায়, একেবারে খালি ওয়ালেট উপহার হিসেবে সঠিক নয়। বাস্তু অনুযায়ী, খালি মানিব্যাগ আর্থিক শূন্যতার প্রতীক। একান্ত এমন কিছু উপহার দিতেই হলে, ভিতরে কয়েকটি কয়েন বা নোট রেখে দেওয়া উচিত। এর প্রতীকী অর্থ হল, প্রাপকের জীবনে অর্থের প্রবাহ সদা বজায় থাকবে।

৫. জুতো— উপহার হিসেবে জুতো সচরাচর দেওয়া হয় না বললেই চলে। তাও যদি কেউ সঙ্গী-সঙ্গিনী অথবা বাবা-মায়ের জন্য জুতো কেনেন, তবে জেনে রাখা দরকার, এমন উপহার বাস্তুশাস্ত্র সম্মত নয়। জুতো বাইরে যাওয়া, দূরত্ব বা বিচ্ছেদের সঙ্গে প্রতীকীভাবে যুক্ত।

তবে এসবের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই যদি বাস্তুশাস্ত্রের কথা একেবারেই না ভেবে, কেবল প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে উপহার দেন, তাহলে এগুলির যে কোনওটিই দেওয়া যেতে পারে। 

You might also like!