
কলকাতা, ৬ নভেম্বর : রবিবার ঠান্ডার আমেজে মজে বাঙালি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। জেলায় জেলায় ভোরে কুয়াশার চাদর। রয়েছে ঠান্ডার ভাব। তবে এর মধ্যেই ফের একবার নিম্নচাপের ভ্রুকুটি। আগামী সপ্তাহের শেষে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে রাজ্যে।
জানা যাচ্ছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি করবে। যেটি অন্ধ্রপ্রদেশ এবং ওডিশা উপকূলের স্থলভাগে প্রবেশ করবে। তবে নিম্নচাপটি থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। যদিও বঙ্গে এর কতটা প্রভাব পড়বে তা নিয়েই চিন্তায় রাজ্যবাসী। জানা গিয়েছে, এই নিম্নচাপের সরাসরি তেমন প্রভাব না পড়লেও আগামী সপ্তাহের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শেষের দিকে মূলত মেঘলা আকাশের দেখা মিলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতা কিংবা দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টি না হলেও এখনও উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। শনিবারও দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হয়েছে। সিকিমে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গে।
