
কলকাতা, ১৫ নভেম্বর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা এখন নীচের দিকেই, সমানতালে পারদ-পতন হচ্ছে কলকাতাতেও। ইতিমধ্যেই শীতের আমেজ পেতে শুরু করেছেন শহরবাসী, নিম্নগামী পারদ জানান দিচ্ছে, এবার বেশ ভালোই অনুভূত হবে শীত। লাফিয়ে লাফিয়ে নামছে তাপমাত্রার পারদ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
সমানতালে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও, গ্রাম বাংলায় তুলনামূলকভাবে ঠাণ্ডা বেশি এখন। আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর মেঘমুক্তই থাকবে। এখনই বৃষ্টি হওয়ার কোনও সম্ভবনা নেই। আগামী কয়েকদিনে পারদ আরও নামতে পারে বলেও জানিয়েছেন আবহবিদরা। উত্তুরে হাওয়ার আগমণেই কমছে তাপমাত্রা, এমন চলতে থাকলে বঙ্গবাসী এই মরশুমে শীতের আমেজ বেশ ভালোভাবেই উপভোগ করতে পারবে বলেই মনে করা হচ্ছে।
