
কলকাতা, ২৬ অক্টোবর : শীত কী তবে এসেই গেল! মহানগরীর বাতাসে হিমেল পরশ ও হালকা শিরশিরানি অন্তত তেমনটাই জানান দিচ্ছে। রাতে ও ভোরের দিকে বন্ধ রাখতে হচ্ছে পাখা, প্রয়োজন হচ্ছে না শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের। বুধবার ভোরের দিকে কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশে ছিল হিমেল পরশ, জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা বুধবার থাকতে পারে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও কমবে কি-না, সে বিষয়ে অবশ্য সদুত্তর পাওয়া যায়নি।
