
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার পার্থের বিরুদ্ধে সিবিআই মামলাটির শুনানি ছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। সেখানেই পার্থের হাজিরা দেওয়ার বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। সূত্রের খবর, এই আদালতে পার্থকে সশরীরে হাজির করানোর নির্দেশ ছিল। কিন্তু প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে পার্থকে ভার্চুয়াল শুনানিতে হাজির করানোর আবেদন জানানো হয়। তা থেকেই জটিলতার সূত্রপাত।
প্রসঙ্গত, গ্রেফতারির প্রথম দিকে পার্থ বাবু আদালতে বেশ কয়েকবার সশরীরে হাজির হলেও সাম্প্রতিক অতীতে তাঁর অধিকাংশ শুনানিই হয়েছে ভার্চুয়াল মাধ্যমে। কিন্তু শুক্রবার পার্থের ভার্চুয়াল শুনানি নিয়ে আচমকাই জটিলতা দেখা দেওয়ায় মামলাটি পিছিয়ে যায়। এর পরই আদালত প্রাক্তন মন্ত্রীকে সশরীরে কোর্টে উপস্থিত করানোর নির্দেশ দেয়।
অতএব, এ বার সশরীরেই আদালতে হাজির করাতে হবে প্রেসিডেন্সি জেলে বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁকে আদালতে হাজির করাতে হবে বলে জানিয়ে দিল কোর্ট।
