
নানুর, ৩ সেপ্টেম্বর : বীরভূমের নানুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দুই স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে । অভিযোগ,দল ছাড়ার পর বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছিল, তাতেও সক্রিয় রাজনীতিতে যুক্ত না হওয়ায় এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। জানা গেছে, মৃতের নাম বশির শেখ। নানুরের সাঁতরা গ্রামের বাসিন্দা বশির শেখ। পরিবারে অভিযোগ, আগে বশির রাজ্যের শাসক দলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বছর দুয়েক আগে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন। কোনও রাজনৈতিক দলের সঙ্গেই আর যুক্ত থাকেননি। কিন্তু বার বার তাঁকে তৃণমূলে আবার যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হত বলে দাবি পরিবারের। বিভিন্ন সময় মিথ্যা মামলা দেওয়া হয়েছে বশিরকে।কিন্তু তাতেও তৃণমূলে ফেরেননি বশির। বশিরের পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যায় গ্রামেরই দুই তৃণমূল নেতা রাজা শেখ ও খেলোন শেখ— এই দু’জন বাড়ি থেকে বশিরকে ডেকে নিয়ে যান। এর পর ফাঁকা মাঠে নিয়ে গিয়ে বশিরকে বেধড়ক মারধর করা হয়। তাঁকে পিটিয়ে খুন করা হয়। মৃতের দাদা নাসিম শেক বলেন, ‘‘ভাই ওদের কাছে টাকা পেত। সে নিয়ে ঝামেলা হয়েছিল। ওকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে।’’ বশিরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জেলা মঙ্গলকোটে মহকুমা হাসপাতালে। পাশাপাশি তাঁর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা জানান, ব্যক্তিগত কারণে হতে পারে ঘটনা। তবে আইন আইনের পথে চলবে।
