
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিলজলায় শিশু খুনের ঘটনায় ফের উত্তাপ ছড়াল এলাকায়, রাস্তা আটকে চলছে বিক্ষোভ। নিহত শিশুর পরিবারের সদস্যেরা ছাড়াও রয়েছেন বহু স্থানীয় মানুষ। পিকনিক গার্ডেন-হাওড়া রুটের একটি বাস আটকে সেটির ছাদে চেপে পড়েন বিক্ষোভকারীরা। বুকে পোস্টার লাগিয়ে এবং চিৎকার করে স্লোগান দিতেও দেখা যায় তাঁদের। অনেকেই রাস্তায় বসে পড়ে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি, শিশুর মৃত্যুতে দায়ীরা যত ক্ষণ না উপযুক্ত শাস্তি পাবে তত ক্ষণ তাঁরা লাগাতার প্রতিবাদ করতে থাকবেন।
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে রবিবার রাতেও তিলজলা থানায় বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের বক্তব্য, পুলিশ তৎপরতা দেখালে শিশুটিকে বাঁচানো যেত বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের। রবিবার রাতে তিলজলা থানা লক্ষ্য করে ঢিলপাটকেলও ছোড়ে উত্তেজিত জনতা। পুলিশ এলাকা খালি করার জন্য লাঠি নিয়ে বেরোলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
তিলজলায় শিশুকে যৌন নির্যাতনের পর খুনের ঘটনায় মূল অভিযুক্ত অলোক কুমারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, সন্তান লাভের আশায় তান্ত্রিকের কথা শুনে ওই সাত বছরের শিশুকে খুন করেছেন নিঃসন্তান আলোক। সূত্রের খবর, পুলিশি জেরায় অভিযুক্ত নিজেই এই কথা জানিয়েছেন।
