
নয়াদিল্লি, ২৮ অক্টোবর : আরও ৮ দিন ইডি হেফাজতেই থাকতে হবে সায়গল হোসেনকে। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে শুক্রবার পেশ করে ইডি। তাঁকে আরও ৮ দিন নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে ইডি। পরিবারের কয়েকজন সদস্যের মুখোমুখি বসিয়ে সায়গলকে জেরা করতে চায় ইডি। সায়গলের মা, স্ত্রী ও শ্যালককে ফের তলব করেছে ইডি।
সায়গল হোসনকে আদালতে পেশ করে ইডি-র আইনজীবী বলেন, তদন্তে নতুন তথ্য হাতে এসেছে। সায়গল হোসেনের মা-স্ত্রী ও শ্যালককে তলব করা হয়েছে। তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই। তাঁরা আসেননি। ফের তাঁদের তলব করা হয়েছে। ইডি-র আইনজীবী আরও বলেন, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ৮ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। গরু পাচারের কোটি কোটি টাকা কোথায় গেছে, আমরা তা খুঁজে বের করতে চাই।
পাল্টা, সায়গল হোসেনের আইনজীবী বলেন, চাপ দিয়ে কিছু নাম বলানোর চেষ্টা করছে ইডি। যাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলা হচ্ছে, তাঁদের তো কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে পারে। এখানে এনে জিজ্ঞাসাবাদ করার কী আছে?
এরপর ইডি-র আইনজীবী বলেন, কোনও থার্ড ডিগ্রি অত্যাচার করা হচ্ছে না। প্রতিদিনের মেডিক্যাল রিপোর্ট আদালতে পেশ করা হয়েছে। দু’পক্ষের বক্তব্য শোনার পর, সায়গল হোসেনের ৮ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
