
কলকাতা, ১৩ এপ্রিল: রেলযাত্রীদের গ্রীষ্মকালীন অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেল চারটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা–ভুবনেশ্বর, মালদা টাউন–ইতওয়ারি আসানসোল–পাটনা এবং কিউল–মালদা টাউন রুটে এই বিশেষ ট্রেনগুলি চলবে। ০৮৪০১ ভুবনেশ্বর–কলকাতা স্পেশাল প্রতি মঙ্গলবার (১৪ থেকে ২৮ এপ্রিল, মোট ৩ দিন) ভুবনেশ্বর থেকে রাত ১২:৫০-এ ছেড়ে সকাল ৯:১৫-মিনিটে কলকাতায় পৌঁছবে। ফিরতি ০৮৪০২ কলকাতা-ভুবনেশ্বর স্পেশাল বিকেল ৫:১০- মিনিটে ছেড়ে পরদিন রাত ১২:৪৫-এ গন্তব্যে পৌঁছবে। ০৮৮৭১ ইতওয়ারি - মালদা টাউন স্পেশাল ১৯, ২০ ও ২৬ এপ্রিল চলবে। ফিরতি পথে ০৮৮৭২ মালদা-ইতওয়ারি স্পেশাল নির্দিষ্ট দিনেই ছাড়বে। পথে নিউ ফারাক্কা, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান ও ডানকুনিতে থামবে। এছাড়াও ১৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ০৩২০২ পাটনা-আসানসোল ও ০৩২০১ আসানসোল – পাটনা মেমু এক্সপ্রেস চলবে। একই সময়ে ০৩২০৪ কিউল - মালদা ও ০৩২০৩ মালদা - কিউল মেমুও পরিষেবা দেবে। সব ট্রেনেই সাধারণ, স্লিপার ও শীতাতপ নিয়ন্ত্রিত কোচ থাকবে। বুকিং শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
